বেনাপোল সীমান্তে ৫৪ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক সপ্তাহে ৫৪ লাখ ৭২ হাজার টাকার চোরাচালান মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানান, ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৭ দিনে বেনাপোল চেকপোস্ট আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫২৫ পিস শাড়ি, ১০টি থ্রি-পিস, ১১ টি কম্বল, সাড়ে ৪ কেজি জিরা, ৩৩ প্যাকেট ফুসকা, চার প্যাকেট সনপাপড়ি, ৯ কেজি কিসমিস, ৯০৮ টি বিভিন্ন চকলেট, ২৬ প্যাকেট খৈনি, ১৬ কেজি পেঁয়াজের বীজ, ৬০০ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও এক হাজার ৩০৭ টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামালের মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা। বেশি পণ্য জব্দ করা হয়েছে চেকপোস্ট আইসিপি থেকে।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।