দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার।
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও গাঁজার গাছ উদ্ধারসহ সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রামw ও এক কেজি গাঁজা এবং বেশ কয়েক টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ জীবন আলী (২৩) ও রুবেল শেখ (৫২) নামে দুজনকে আটক করা হয়। তাঁরা মিরপুর উপজেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতখালী গ্রামের একটি জমিতে অভিযান চালায় পুলিশ। সেখানে মরিচ ও বেগুন চাষের আড়ালে গাঁজার গাছ চাষের অভিযোগে সত্যতা পাওয়া যায় এবং বেশ কয়েক টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাল মিস্ত্রি (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, উপজেলার প্রাগপুর কলেজের সামনে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ বাদশা ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি পাকুড়িয়া গ্রামের মৃত সুজন আলীর ছেলে।
অন্যদিকে, সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত মামলায় কাঞ্চননগর পঁচামাদিয়া গ্রামের আব্দুল মতিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাতটি সাজা ও ১৪টি সিআর ওয়ারেন্টসহ মোট ২১টি মামলার তথ্য রয়েছে। এ ছাড়া দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত বাচ্চু নামের আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর মাদক, প্রতারণা ও ওয়ারেন্ট-সংক্রান্ত মামলায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।