ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২
স্বাস্থ্য ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা
ঢাকা: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনের তথ্য অনুযায়ী, নতুন ছয়জনের মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।
নতুন মৃত্যুর ফলে ২০২৬ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৪২ জন।
একই ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫১ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০২, খুলনায় ২৮৪, বরিশালে ১৭৮, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে সরকার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। শনিবার থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা এবং জ্বরের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।