কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব
মাহিদুল ইসলাম
মৌলভীবাজার॥
মৌলভীবাজারের কমলগঞ্জে শতবছরে ধারাবাহিকতা রক্ষায় পলো বাওয়া উৎসব হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নে ধলাই নদীতে মাছ শিকারের এ উৎসব পালন করা হয়। এতে অংশ নেন আশেপাশের গ্রামের শতাধিক মানুষ।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধলাই নদীর মির্তিঙ্গা ব্রিজ থেকে প্রতি বছর এই সময়ে পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়।এই মাছ ধরাকে কেন্দ্র করে কয়েকটি গ্রামজুড়ে মৎস্য শিকারিদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। ধরা পড়ে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ।
পলো বাওয়ায় অংশ নিতে গতকাল স্থানীয় মুন্সীবাজারে ঢুল পিটিয়ে জানিয়ে দেওয়া হয়। সকাল থেকে মাছশিকারিরা নদীর পাড়ে এসে জমায়েত হতে থাকেন। পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার দিকে সবাই একসঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া।
আয়োজকরা জানান, এখানে মূলত আমরা একদিন নদীতে নেমে পলো বাওয়া উৎসবে মেতে উঠি। শত বছর ধরে বছরের এই সময়ে পলো বাওয়া হয়। সকল বয়সের মানুষ উৎসবে অংশগ্রহণ করেন। ভাগ্য সহায় হলে কেউ একাধিক মাছ পান আবার কেউ খালি হাতে ফিরেন। তবে আমার মাছ নয় উৎসব করাটাই আমাদের উদ্দেশ্য।

উৎসব দেখতে আসা সাদিকুল ইসলাম বলেন, গতকাল বাজারে শুনে আজ পলো বাওয়া দেখতে আসলাম। গ্রাম বাংলার চমৎকার দৃশ্য। সকল বয়সী মানুষেরা মাছ শিকার করতে পলো নিয়ে নেমেছেন। যাঁদের পলো নেই তাঁরাও মাছ ধরার জাল নিয়ে নেমেছেন বিলে।
পলো উৎসবে অংশ নেওয়া জসিম আহমেদ বলেন, শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। এখানে সবাই মাছ শিকার করবেন এ জন্য আসেননি। অনেক উৎসবে অংশগ্রহণের জন্য এসেছেন। কেউ মাছ পাবে আবার কেউ খালি হাতে যাবে এটা বড় বিষয় নয়। শতবছর ধরে আমাদের এখানে এই উৎসব পালন করে আশা হচ্ছে।