কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ।
আসন্ন ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী লালনমেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এ বছরও এই মেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু, বাউল ও দর্শনার্থীর সমাগমের ব্যাপক প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানকে পুরোপুরি মাদকমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মেলার মাঠে অভিযান চালিয়ে এসব মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, লালন ধামের পবিত্রতা রক্ষা এবং আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান তিরোধান দিবসের অনুষ্ঠান চলাকালীন অব্যাহত থাকবে।