বাংলাদেশ–জাপান ইপিএ’র খসড়া চূড়ান্ত, ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার,
ঢাকা: বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)-এর খসড়া চূড়ান্ত হয়েছে। উভয় দেশের মন্ত্রিপরিষদের অনুমোদন ও আইনি প্রক্রিয়া শেষ হলে আগামী মাসে চুক্তিটি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চুক্তি কার্যকর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে জাপানের ১,০৩৯টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।
এই চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকইপিএ’র আওতায় থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য আপাতত বাইরে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এলডিসি উত্তরণের পর জাপানের বাজারে রপ্তানি ধরে রাখতে এই ইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাপান থেকে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
ইপিএ’র আলোচক পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন আইনি পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন পেলেই চুক্তি সই হবে।