বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গল্পটি হয়তো একটি লাল কার্ডের। ঘরের মাটিতে ওই একটি লাল কার্ডের পরেই যেন বিধ্বস্ত হলো বার্সেলোনা। কিলিয়ান এমবাপেদের পিএসজির বিপক্ষে শোচনীয় পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম থেকে বিদায় নিতে হলো কাতালানদের। অন্যদিকে প্রথম লেগে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে ব্যবধান বাড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার (১৬ই এপ্রিল) দিবাগত রাত ১টায় বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারফাইনালে মাঠে নামে বার্সেলোনা ও পিএসজি। ম্যাচটিতে এমবাপের দল জয় পেয়েছে ৪-১ গোলে।
এদিন ম্যাচের প্রথমার্ধের ১২ মিনিটে বার্সার হয়ে গোল করেন রাফিনিয়া। এরপর ম্যাচের ২৯ মিনিটে পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদ আরাউহোকে। এরপর থেকে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনহা। বার্সাকে ঘরের মাঠে লজ্জায় ডোবাতে বাকি কাজ করেন এমবাপে। ৬১ মিনিটে পেলান্টি থেকে করেন নিজের প্রথম গোল। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের মূল সময়ের এক মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোল করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। এতে বার্সার ঘরের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় ছিনিয় নেয় পিএসজি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল লুইস এনরিকের দল।
অন্যদিকে, জাভি হার্নান্দেজের বার্সাকে আসর থেকে বিদায় নিতে হয়। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেল জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে।