হোটেল ছাত্রাবাস ফ্ল্যাটে আ.লীগ কর্মী থাকলে তথ্য দেয়ার অনুরোধ ডিএমপির
রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে তাদের তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
গতকাল বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেইড দেয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করবে। তাদের গ্রেফতার করলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’
তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে।’ আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।