১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে আগামী ১০ ডিসেম্বর। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে প্রস্তুতির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সেদিন অথবা ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।
ধারণা করা হচ্ছে, এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিইসির ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়; তবে এবার রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। সাক্ষাৎ শেষে রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।