২৫ বছর ধরে দখল, কুমিল্লা সড়ক বিভাগের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এসব স্থাপনা দখলে ছিল বলে জানিয়েছে সওজ বিভাগ। সরকারি জায়গা দখলমুক্ত করতে শুরু হওয়া এ অভিযান আগামী কয়েক দিন চলবে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
সওজ বিভাগ সূত্রে জানা গেছে, সুয়াগাজী বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অভিযানের প্রথম দিনে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে চিহ্নিত অন্য স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। সওজের জায়গা দীর্ঘদিন দখলে থাকায় মহাসড়কের পাশের জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। এতে যান চলাচলে বিঘ্নের পাশাপাশি বাজার এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হতো। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ত।
সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরও অনেকে স্থাপনা সরিয়ে নেননি। এ কারণে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, প্রথম দিনে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে চিহ্নিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উদ্ধার করা সরকারি জায়গা যাতে আবার দখল না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, সকাল থেকে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারক করেছেন। অভিযানে সকলে সহযোগিতা করেছে এবং কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।
তিনি বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি, চিহ্নিত বাকি অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, সড়ক বিভাগের দখল করা জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। সরকারি জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
অভিযান চলাকালে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মো আকতারুজ্জামান বাংলাদেশের কুমিল্লা থেকে।
ছবি দিয়েছি