৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মোহাম্মদ উল্যা,
নোয়াখালীর প্রতিনিধি ॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর বসুরহাট বাজারে পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে জামায়াত নেতাকর্মীরা বসুরহাট বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের মধ্যে ৫ সেপ্টেম্বরের লংমার্চের প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে জামায়াত নেতারা আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বিতরণ করা লিফলেটে কর্মসূচির বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা এসব দাবি বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং ঘোষিত লংমার্চ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ কামনা করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।