চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়নে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলা উদ্দিন ভূঁইয়া।
সভায় ইউপি সদস্য একরামুল হক মিলন, সাবেক ইউপি সদস্য কবির আহাম্মদ, জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, জামাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতি করে না; এটি সামাজিক শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাবের আড়ালে মাদক কারবারিদের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া যাবে না। আইনগত ব্যবস্থার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি চৌধুরীহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা চরপার্বতী ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।