চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মাহবুব উদ্দীন খোকন
মোহাম্মদ উল্যা,
নোয়াখালী প্রতিনিধ॥
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি, ওষুধের মজুদ, অবকাঠামো ও হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ওষুধ বিতরণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। চাটখিলের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, মানসম্মত ও সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং ওষুধের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন সংসদ সদস্য। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।
পরিদর্শন শেষে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সংসদ সদস্যের দেওয়া নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার জনগণের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংসদ সদস্যের এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।