চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
মনির সরকার,
হবিগঞ্জ চুনারুঘাট॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও চুনারুঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ আলী, চেয়ারম্যান, গাজীপুর ইউনিয়ন পরিষদ,, এডভোকেট মীর সিরাজ, সাধারণ সম্পাদক চুনারুঘাট উপজেলা বিএনপি, প্রফেসর আব্দুল হামিদ, সভাপতি, গাজীপুর ইউনিয়ন বিএনপি, মীর সৈকত আলী সেলিম, সাধারণ সম্পাদক, গাজীপুর ইউনিয়ন বিএনপি, মুন্সি শফিকুর রহমান জামাল, সাবেক সভাপতি, গাজীপুর ইউনিয়ন বিএনপি
আবু নাসের, অধ্যক্ষ, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে স্কুল, কলেজ ও উন্মুক্ত স্থানগুলোতে নিয়মিত এ ধরণের ক্যাম্পেইন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।