ঢাকায় শুরু হয়েছে নয় দিনের থিয়েটার উৎসব
তাহিনা হোসেন ||
ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে দ্বিতীয় ঢাকা থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রোববার থেকে শুরু হওয়া এ উৎসবে নয় দিনে নয়টি মঞ্চনাটক প্রদর্শিত হবে। ঢাকার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবারের উৎসব।
প্রতিদিন একটি করে মঞ্চনাটক
উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘কিনু কাহারে’র থিয়েটার’। প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
নয় দিনের আয়োজনের প্রতিদিন সন্ধ্যা ৭টায় একটি করে নাটক মঞ্চস্থ হবে। দ্বিতীয় দিনে লোক নাট্যদল (বনানী) মঞ্চস্থ করছে কমেডি নাটক ‘কঞ্জুস’। তৃতীয় দিনে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্য সেন’ এবং চতুর্থ দিনে বাঁশরী রিপার্টরির ‘আলেয়া’ প্রদর্শিত হবে।
উৎসবের পঞ্চম দিনে আরণ্যক নাট্যদলের ‘কোম্পানি’, ষষ্ঠ দিনে থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’ এবং সপ্তম দিনে তীরন্দাজ রিপার্টরির ‘কণ্ঠনালীতে সূর্য’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
অষ্টম দিনে দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং নবম ও শেষ দিনে বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’ দিয়ে উৎসবের পর্দা নামবে।
থাকছে নাচ, গান ও আবৃত্তি
শুধু মঞ্চনাটকেই সীমাবদ্ধ থাকছে না এবারের উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনের বাইরের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।
নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। সন্ধ্যা ৭টার মূল নাট্য প্রদর্শনীর তিন ঘণ্টা আগে শুরু হবে এসব পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় পর্ব
‘ঢাকা থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬’-এর এটি দ্বিতীয় পর্ব। এর আগে গত ১৬ থেকে ২৩ আগস্ট ঢাকার সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে দেশের বিভিন্ন নাট্যদলের পরিবেশনার পাশাপাশি নাচ, গান, নাটক ও আবৃত্তির সমন্বয়ে উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন ছিল। দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে কেন্দ্র করে আরও নয়টি মঞ্চনাটক দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬-এর সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব ঢাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি দেশের মঞ্চনাটকের সঙ্গে দর্শকদের নতুন করে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।