কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মৎস্য প্রজেক্ট থেকে আনুমানিক ২০ মণ মাছ চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন প্রজেক্টের মালিক মো. রুহুল আমিন (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরকচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম সর্দার বাড়ির বাসিন্দা রুহুল আমিন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বসতবাড়ির পূর্ব পাশে মৎস্য প্রজেক্টে মাছ চাষ করে আসছেন। তাঁর দাবি, গত এক থেকে দুই বছর ধরে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা প্রজেক্ট থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লিখিত অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো প্রজেক্টে মাছের খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে প্রজেক্টে গিয়ে দেখতে পান, সেখানে থাকা মাছের একটি বড় অংশ নেই।
অভিযোগকারীর দাবি, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রজেক্ট থেকে আনুমানিক ২০ মণ মাছ ধরে নিয়ে যায়। চুরি হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেও কোনো তথ্য না পাওয়ায় আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন রুহুল আমিন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।