মৌলভীবাজারে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি॥
মৌলভীবাজারে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ ক্রমেই বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে জেলায় প্রায় ৩ হাজার ৮৩৯ কোটি টাকা রেমিট্যান্স এসেছে, যা সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
বৈশ্বিক নানা অর্থনৈতিক ও শ্রমবাজারসংক্রান্ত প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন সময়ে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে ওঠানামা দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে মৌলভীবাজারে এর প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিপুলসংখ্যক যুবক কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে কাজ করছেন। এর ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৭৪ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে এ প্রবাহ আরও বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৯৬৩ কোটি টাকায়। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসেই জেলায় প্রায় ৩ হাজার ৮৩৯ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
স্থানীয়রা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের ব্যয় মেটানোর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, আবাসন ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডেও এসব অর্থ ব্যবহৃত হচ্ছে।
তবে বিদেশফেরত রেমিট্যান্স যোদ্ধারা যাতে দেশে ফিরে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা প্রবাসীদের হয়রানি বন্ধের পাশাপাশি রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানো, হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ এবং বিমানবন্দরে লাগেজ চুরির মতো ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।