নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
আহিদুল ইসলাম,
নওগাঁ প্রতিনিধি॥
নওগাঁর মহাদেবপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবগঞ্জ মোড় এলাকার শিব বিগ্রহ মন্দির থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয় ব্যক্ত করা হয়।
শোভাযাত্রাটি শিবগঞ্জ মোড় থেকে শুরু হয়ে মহাদেবপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাকে ঘিরে শিবগঞ্জ মোড়সহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি মিলন কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক উদয় কুমার হালদার, সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা, সহ-সভাপতি উজ্জল কুমার সরকার, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম উদ্দেশ্য।
আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং শিবগঞ্জ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।