নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত
নেত্রকোণায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজন পাল জেলার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী-সন্তানদের নিয়ে শহরের মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
সুজনের প্রতিবেশী কয়েকজন জানান, রবিবার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে। পরে মোটরসাইকেলে করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার সাংবাদিকদের বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।