নিউইয়র্কে ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ ডলারে নেওয়ার প্রস্তাব
নিউইয়র্ক প্রতিনিধি ||
নিউইয়র্ক সিটিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ঘণ্টাপ্রতি ২৫ থেকে ৩০ ডলারে নেওয়ার প্রস্তাব উঠেছে। তবে এটি এখনো কার্যকর আইন নয়। নিউইয়র্ক সিটি কাউন্সিলে এ সংক্রান্ত একটি বিল কমিটিতে রয়েছে।
বড় প্রতিষ্ঠানে ঘণ্টায় ৩০ ডলারের প্রস্তাব
২০২৬ সালের মার্চে নিউইয়র্ক সিটি কাউন্সিলে উত্থাপিত Introduction 0757-2026 নামের বিলটিতে ৫০০-এর বেশি কর্মী রয়েছে—এমন প্রতিষ্ঠানের কর্মীদের ন্যূনতম মজুরি ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ঘণ্টায় ৩০ ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৫০০ বা তার কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২০৩১ সালের মধ্যে ঘণ্টায় ২৯ ডলার করার কথা বলা হয়েছে। এরপর মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সমন্বয়ের প্রস্তাব রয়েছে।
বিলটি বর্তমানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের Committee on Consumer and Worker Protection-এ রয়েছে। ফলে প্রস্তাবটি এখনো আইন হিসেবে অনুমোদিত বা কার্যকর হয়নি।
২৫ ও ৩০ ডলারের আরেকটি প্রস্তাব
এর আগে নিউইয়র্ক সিটি কাউন্সিলে উত্থাপিত Introduction 1519-2025 নামের একটি বিলেও শ্রমিকদের জন্য উচ্চতর ন্যূনতম মজুরির প্রস্তাব ছিল। ওই প্রস্তাবে যোগ্য সুবিধা বা বেনিফিট পাওয়া কর্মীদের জন্য ঘণ্টায় ২৫ ডলার এবং এমন সুবিধা না পাওয়া কর্মীদের জন্য ৩০ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণের কথা বলা হয়েছিল।
তবে ওই বিলটি ২০২৫ সালের আইনসভা অধিবেশন শেষে Filed (End of Session) অবস্থায় রয়েছে এবং আইন হিসেবে কার্যকর হয়নি
নিউইয়র্ক স্টেটে ৩০ ডলারের আরেক বিল
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতেও ন্যূনতম মজুরি ৩০ ডলারে উন্নীত করার পৃথক উদ্যোগ রয়েছে। A10507, ‘Living Wage for All Act’ নামে পরিচিত প্রস্তাবটিতে বড় নিয়োগকর্তাদের ক্ষেত্রে ২০৩০ সালের ১ জানুয়ারির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ ডলার করার কথা বলা হয়েছে। ছোট নিয়োগকর্তাদের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০৩৫ সালের জন্য।
প্রস্তাবটি ২০২৬ সালের ৬ মার্চ অ্যাসেম্বলি লেবার কমিটিতে পাঠানো হয় এবং বর্তমানে কমিটিতেই রয়েছে। অর্থাৎ এটিও এখনো আইন হিসেবে কার্যকর হয়নি।
বর্তমানে নিউইয়র্কে ন্যূনতম মজুরি কত?
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব লেবারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে সাধারণ ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৭ ডলার। স্টেটের অন্যান্য এলাকায় তা ১৬ ডলার।
২০২৭ সাল থেকে নিউইয়র্কের ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিকভাবে বাড়ানোর ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।
প্রস্তাব পাস হলে কী পরিবর্তন আসতে পারে?
ন্যূনতম মজুরি ২৫ থেকে ৩০ ডলারে উন্নীত করার উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নিম্নআয়ের ও ন্যূনতম মজুরির কর্মীদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের শ্রম ব্যয়, পণ্যের দাম এবং কর্মসংস্থানের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।
তবে কোন প্রস্তাব শেষ পর্যন্ত আইন হবে এবং এর চূড়ান্ত মজুরি কাঠামো কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তাই নিউইয়র্কে এখনই সবার ন্যূনতম মজুরি ২৫ বা ৩০ ডলার হয়ে গেছে—এমন তথ্য সঠিক নয়।