যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়ক যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। আরেকজনের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন, একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।অন্য মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আরিফুল ইসলাম জয়ের আইডি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।