বড়লেখায় পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪
মাহিদুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি॥
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় ৪টি ষাড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।
এ সময় চোরাচালানের ঘটনায় ২ জন এবং মাদকদ্রব্য বহনের ঘটনায় ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতে বড়লেখা থানা পুলিশের একটি দল বড়লেখা হাজীগঞ্জ বাজারে গরুর হাট সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা ৪টি ষাড় বাছুর উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহিন আহমদ (১৯), এবং আফজাল হোসেন (২০) গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় ডেফল গাছের নিচে অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ।
এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় রাজিব রবি দাস (২৬) ও রাজু রবিদাস (২৬) দুজনকে গ্রেপ্তার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক
(এসআই) শেখ কামরুল ইসলাম বলেন, এসব ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।