গরু খেয়ে ফেলল গাছের চারা, প্রাণ গেল কৃষকের
মামুন রণবীর,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণায় প্রতিবেশীর গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া (৪০) উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসজ জামানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় প্রতিবেশী তোতা মিয়ার গরু, রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত করেন রবি মিয়া। মাটিতে পড়ে গেলে রবি ওই বাঁশের সূচালো অংশ তোতা মিয়ার বুকে ঢুকিয়ে দেন। এ ঘটনায় গুরুতর আহত তোতা মিয়া গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় স্থানীয়রা গুরুতর অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন, হাওর থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিলেন তোতা মিয়া। পথে তার একটি গরু রবি মিয়ার চোকাইগাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে তোতা মিয়া ও রবি মিয়ার মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রবি মিয়া রাগ করে তোতা মিয়ার একটি পেঁপেগাছ কেটে ফেলেন। এর জেরে দুজনের মধ্যে তুমুল বাকবিতন্ডা দেখা দেয়। একপর্যায়ে রবি মিয়া ধান বহনের কাজে ব্যবহৃত দুই পাশ সুচালো লম্বা বাঁশ দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ময়মনসিংহে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সোমবার বাড়িতে আনা হবে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই রবি মিয়া পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।