মাটির নিচে মদের ভান্ডার, দুর্গাপুরে নারী আটক
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
মাদকবিরোধী পৃথক অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ২৫ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এই অভিযানে একটি বসতবাড়ির উঠানে মাটির গর্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ বোতল মদসহ আয়েশা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার চকলেঙ্গুরা ও বিরিশিরি এলাকায় এই অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্গাপুর থানা পুলিশের একটি দল ২নং দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে অভিযান চালায়। থানার এসআই মো. ফিরোজ আল মামুনের নেতৃত্বে চালানো অভিযানে মৃত আজীম উদ্দিনের স্ত্রী আয়েশা খাতুনের বসতবাড়িতে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাড়ির উঠানের পূর্ব পাশে স্তূপ করে রাখা লাকড়ির নিচে পুলিশের সন্দেহ হলে সেখানে মাটি খোঁড়া হয়। গর্তের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ১৯ বোতল ‘ম্যাকডওয়েলস’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা।
পুলিশি অভিযানে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ছয় বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানে বসতবাড়িতে অভিনব কায়দায় মাটি খুঁড়ে মদ লুকিয়ে রাখার পরও পুলিশের তৎপরতায় তা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।