ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের এক আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ‘স্টপ লিস্টে’ নাম থাকায় হিমাংশু দাস (৫২) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
গ্রেপ্তারকৃত হিমাংশু দাস বাগেরহাট জেলার হাড়িখালী পিসি কলেজ এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট (পাসপোর্ট নম্বর-অ-০৫৬৬৮৩৮০) জমা দেন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, বাগেরহাট জেলার সদর থানায় এফআইআর নং-২০, ১৭/০৭/২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী কর্মকান্ড সংক্রান্ত মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক এক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেহেতু তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।