ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক
এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তাঁর অভিযোগ, ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে সাইফুল হক বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। তাঁর হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ ১১ মাসে দাম বেড়েছে ৭৫৪ টাকা, প্রায় ৫৮ শতাংশ।
তিনি অভিযোগ করেন, সরকার ও বিইআরসি ভোক্তাদের বদলে ব্যবসায়ীদের স্বার্থ দেখেছে। ডিলারদের কমিশন বাড়ানোর খরচ কার্যত জনগণের ঘাড়ে চাপানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভোক্তারা আদৌ সেই সুবিধা পাবেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
সাইফুল হক সতর্ক করে বলেন, এলপিজির দাম বাড়ায় বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও ছোট ব্যবসায় খাবার ও সেবার দাম বাড়বে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা আরও কমবে। কৃত্রিম সংকট ও বাড়তি দাম আদায়ের অভিযোগেরও তদন্ত হয়নি বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি অবিলম্বে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে কার্যকর তদারকি, স্বচ্ছ ও যৌক্তিকভাবে দাম নির্ধারণ এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, বিশ্ববাজারের অনিশ্চয়তায় দেশের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দাম কমানো হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, দ্য ডেইলি স্টার
ফাইল ছবি: বিশ্বরূপ গাঙ্গুলী / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)