দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৪০ বোতল বিদেশী মদ জব্দ
মামুন রণবীর,
নেত্রকোণা জেলা প্রতিনিধি ॥
চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুই অভিযানে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর আওতাধীন দুটি বর্ডার অবজারবেশন পোষ্ট (বিওপি) এর টহল দল এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজয়পুর বিওপির ছয় সদস্যের একটি টহল দল ১নং কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক স্থানে এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫০ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
এছাড়া শুক্রবার ভোরে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে নলুয়াপাড়া বিওপির চার সদস্যের টহল দল ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৬০ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এই অভিযানে জব্দকৃত মাদকের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।