সেনবাগে দুই প্রাথমিক বিদ্যালয়ে এমপি জয়নুল আবদিন ফারুকের আকস্মিক পরিদর্শন
শিক্ষার্থীদের অনুপস্থিতি ও শিক্ষকদের অমনোযোগিতায় অসন্তোষ, নিয়মিত তদারকির দাবি এলাকাবাসীর
মোহাম্মদ উল্যা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষকদের দায়িত্ব পালনের চিত্র সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ছয়বারের সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৪ নভেম্বর) সকালে তিনি উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ অর্জুনতলা বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং শিক্ষকদের অমনোযোগী অবস্থায় দেখতে পেয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আনেন সংসদ সদস্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে বলে তাঁর পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
পরিদর্শন শেষে বুধবার সন্ধ্যায় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক তাঁর নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে বিদ্যালয়গুলোর কয়েকটি ছবি প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করার অনুরোধ জানান।
এদিকে সংসদ সদস্যের বিদ্যালয়, হাসপাতালসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবার মানের ঘাটতি অনেকাংশে কমানো সম্ভব।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এ ধরনের আকস্মিক পরিদর্শন যেন কেবল সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। বরং উপজেলার সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও সেবামূলক দপ্তরে নিয়মিত তদারকি অব্যাহত থাকুক। এতে শিক্ষার পরিবেশ উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
9:21 AM