অনলাইন, ০৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপি পুত্র সাদমান গ্রেপ্তার তরুণীকে জোরপূর্বক আট মাস ধরে আটকে বিয়ে করার অভিযোগ শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ণ ও মোবাইল উদ্ধার অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ মৌলভীবাজারে জম-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক নিহত নেত্রকোণা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে অজ্ঞাত মধ্যবয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে মিললো সত্যতা আশানুরূপ শিক্ষার্থী পাশ না করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধে হামলা, প্রাণ গেল ৪২ বছর বয়সী নারীর। যশোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৪১ তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় ৯ বছরের আদিব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
হোম › বিনোদন › তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী

তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ পিএম, ০২ নভেম্বর, ২০২৬ 4
তিন দশকের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়, মানসিক অসুস্থতায় বিপর্যস্ত জীবন সমু চৌধুরী
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

একসময় পর্দায় তার অভিনয় দেখে দর্শক হেসেছেন, কেঁদেছেন, মুগ্ধ হয়েছেন। কখনো হয়েছেন পরিবারের পরিচিত মানুষ, কখনো গল্পের অবিচ্ছেদ্য চরিত্র। আলো-ঝলমলে মঞ্চ কিংবা ক্যামেরার সামনে তার ছিল সাবলীল উপস্থিতি। অথচ আজ সেই অভিনেতার জীবনেই যেন এক বিষাদময় গল্পের অবতারণা। চারপাশে নেই ক্যামেরার আলো, নেই পরিচালকের ‘অ্যাকশন’ নির্দেশ। আছে একাকিত্ব, অসুস্থতা আর অনিশ্চিত পথচলা। তিনি অভিনেতা সমু চৌধুরী।


তিন দশকের বেশি সময়ের অভিনয় জীবনে পাঁচ শতাধিক নাটক ও ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পীর বর্তমান জীবন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে উঠে আসছে। কখনো মাজারে, কখনো বাজারে, কখনো আবার পথে-প্রান্তরে তাকে দেখা যাচ্ছে। এসব ভিডিও দেখে অনেকে ব্যথিত হচ্ছেন। কিন্তু কিছু মানুষের কাছে তাঁর এই অসহায় মুহূর্ত যেন রিল তৈরির উপকরণ। একজন মানসিকভাবে অসুস্থ মানুষকে ঘিরে ধরে ভিডিও করা, প্রশ্ন করে উত্তেজিত করা কিংবা তার ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়াÑতার কষ্টকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।


যে মানুষটি একসময় অভিনয় দিয়ে হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আজ তার প্রয়োজন সেই মানুষেরই একটু ভালোবাসা, সহমর্মিতা ও নিরাপদ আশ্রয়। তাকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা।


১৯৬৪ সালের ৮ জুন যশোরে জন্ম সমু চৌধুরীর। আশির দশকে যশোর উদীচী শিল্পীগোষ্ঠীর মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে তার পথচলা শুরু। প্রায় ১০ বছর পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকায় গিয়ে যুক্ত হন সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি), ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার ও নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে।


১৯৯০ সালের ২২ মার্চ আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনে অভিষেক হয় তার। প্রথম নাটকের সম্মানী ছিল মাত্র ৭০০ টাকা। সেই শুরু। এরপর ‘জন্মভূমি’, ‘বিবর্ণ প্রজাপতি’, ‘কালো জোছনা’, ‘রঙের মানুষ’, ‘নিশিকুটুম্ব’ ও ‘উঠোন’সহ অসংখ্য নাটকে অভিনয় করে পরিচিতি পান।


১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘সুন্দরী বধূ’, ‘নদীর নাম মধুমতী’, ‘গলুই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। সাম্প্রতিক সময়ে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ (২০২৪) ও ‘নয়া নোট’ (২০২৫)-এর মতো ওটিটি কাজেও দেখা গেছে তাকে। কিন্তু অভিনয়ের সাফল্যের আড়ালে তার ব্যক্তিজীবনে জমেছিল অনেক না-বলা কষ্ট। ১৯৯৩ সালের ২৬ জুলাই জীবনের সবচেয়ে বড় আঘাতটি পান তিনি। ছোট বোন রোজিনা চৌধুরী রুবিকে নিয়ে ফেরার পথে যশোরের ঝিকরগাছা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা পুলিশ কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী ও এইচএসসি পরীক্ষার্থী বোন রুবি।


এক দুর্ঘটনায় বাবা ও বোনকে হারানোর শোক কতটা গভীর হতে পারে, তা হয়তো অনুভব করা সম্ভব কেবল তারই। এরপর ২০১৮ সালে ছোট ভাই সনু চৌধুরীকেও হারান তিনি। একে একে পরিবারের আপনজনেরা চলে গেছেন। থেকে গেছেন তিনি আর তার বৃদ্ধা মা। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে মায়ের দেখাশোনার জন্য বিয়েও করেননি সমু চৌধুরী। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই সিদ্ধান্তের কথা। মাকে ঘিরেই ছিল তার ব্যক্তি জীবনের বড় অংশ। আজ সেই মায়ের বয়স হয়েছে। আর ছেলেকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।


অভিনয় থেকে একসময় প্রায় তিন বছর দূরে ছিলেন সমু চৌধুরী। ঢাকার ব্যস্ততা ছেড়ে ফিরে গিয়েছিলেন যশোরের গ্রামের বাড়িতে। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবার অভিনয়ে ফেরেন। কিন্তু জীবনের সাম্প্রতিক বাস্তবতা তাকে আবারও আলো-ঝলমলে জগৎ থেকে দূরে সরিয়ে দিয়েছে।


২০২৫ সালের জুনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরা অবস্থায় তার একটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি জানান, ওরস উপলক্ষে সেখানে গিয়েছিলেন। কাপড় শুকানোর সময় গামছা পরে গাছের নিচে বিশ্রাম নেওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে স্বজন ও অভিনয়শিল্পী সংঘের সদস্যরা সেখানে গিয়ে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। এরপর তিনি যশোরে মায়ের কাছে ফিরে আসেন।


সর্বশেষ গত ১৩ অক্টোবর যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। সম্প্রতি লালন শাহের মাজারে তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


প্রতিটি ভিডিওর পেছনে যেন একজন মানুষের অসহায়ত্বের গল্প। অথচ সেই গল্পের প্রতি সংবেদনশীল হওয়ার বদলে কেউ কেউ ব্যস্ত তাকে ক্যামেরাবন্দী করতে। তার সঙ্গে কথা বলার নামে বিরক্ত করা হচ্ছে, রিল তৈরির জন্য ঘিরে ধরা হচ্ছে। মানসিকভাবে অসুস্থ একজন মানুষের জন্য এমন আচরণ কতটা ক্ষতিকর হতে পারে, তা কি একবারও ভাবছেন তারা ?


সমু চৌধুরীর বর্তমান পরিস্থিতিতে ব্যথিত সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। তিনি বলেন, জনপ্রিয় এই নাট্যাভিনেতার শারীরিক ও মানসিক অবস্থা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ইউটিউবারদের একটি অংশ তাকে যেখানে পাচ্ছে, সেখানে রিল তৈরির জন্য ঘিরে ধরছে। তাকে উত্ত্যক্ত ও উত্তেজিত করছে। এতে তার অসুস্থতা আরও জটিল হতে পারে।


দুলু বলেন, ‘সমু চৌধুরী আমাদের সাংস্কৃতিক অঙ্গনের গর্ব। একসময় তার অভিনয়ে মানুষ মুগ্ধ হয়েছে। আজ তিনি অসুস্থ। এই অবস্থায় তাকে ঘিরে ধরে ভিডিও তৈরি করা কোনোভাবেই মানবিক আচরণ নয়। আমরা ইউটিউবারদের অনুরোধ করছি, তাকে বিরক্ত করবেন না। তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখান।’


তিনি জানান, বৃদ্ধা মা ছাড়া সমু চৌধুরীর পরিবারে আর কেউ নেই। তাই পরিবারের অন্য স্বজন, স্থানীয় সুহৃদ ও তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিক সংগঠন উদীচীকে সঙ্গে নিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাকে একটু স্বস্তির জীবন ফিরিয়ে দেওয়াই তাদের লক্ষ্য।


উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত ও ব্যথিত। তাকে চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।


একজন অভিনেতার জীবনে কত শত চরিত্র আসে। কখনো তিনি বাবা, কখনো ভাই, কখনো বন্ধু, কখনো আবার নির্মম কোনো চরিত্রের প্রতিচ্ছবি। দর্শক প্রতিটি চরিত্রে তাকে গ্রহণ করেন, ভালোবাসেন। কিন্তু বাস্তব জীবনের এই মানুষটিরও যে একটি মন আছে, দুঃখ আছে, হারানোর বেদনা আছেÑসেটি হয়তো আমরা অনেক সময় ভুলে যাই।


সমু চৌধুরীও একসময় কারও সন্তান ছিলেন, কারও ভাই ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের অনেক ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন। বাবা, বোন ও ভাইকে হারিয়ে জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন একা। আজ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে প্রয়োজন মানুষের পাশে থাকা। তার অসহায় মুহূর্তের ভিডিও ভাইরাল করে নয়, তাকে চিকিৎসার ব্যবস্থা করে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানোই হোক আমাদের দায়িত্ব।