হাউজিং স্টেটে মাদক সেবনের সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী শহরের হাউজিং স্টেট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুধারাম থানাধীন হাউজিং স্টেটের ৪ নম্বর সড়কের মানিক মিয়ার টিনশেড ব্যাচেলর ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুধারাম থানার মোতার হোসেন মামুন, রিয়াদ হোসেন ও মিজানুর রহমান এবং কবিরহাট থানার নরোত্তমপুর এলাকার আবির হোসেন।
পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।