মার্কিন কংগ্রেসে মুসলিম প্রার্থীদের বড় জয়, সিনেটে আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীরা। প্রতিনিধি পরিষদের চার বর্তমান মুসলিম সদস্য—ইলহান ওমর, রাশিদা তালিব, আন্দ্রে কারসন ও লাতিফা সাইমন—আবারও নির্বাচিত হয়েছেন। নিউ জার্সি থেকে প্রথমবারের মতো কংগ্রেসে যাচ্ছেন অ্যাডাম হামাউই। আর মিশিগানে সিনেট নির্বাচনে জয় পেয়েছেন আবদুল এল-সাইয়েদ। ক্যালিফোর্নিয়ায় আয়শা ওয়াহাব এগিয়ে থাকলেও তাঁর আসনের ফল এখনো ঘোষিত হয়নি।
সিনেটে আবদুল এল-সাইয়েদ
মিশিগানের সিনেট আসনে ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়েছেন। নির্বাচনী ফলাফল প্রকাশকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ (ডিডিএইচকিউ) বুধবার রাত ১টা ১৫ মিনিটে (ইটি) তাঁর জয়ের পূর্বাভাস দেয়। ৯৪ শতাংশ ভোট গণনায় এল-সাইয়েদ পেয়েছেন ২৩ লাখ ৯০ হাজার ৭৫৭ ভোট (৫২.২৬ শতাংশ), রজার্স পেয়েছেন ২০ লাখ ৯২ হাজার ৫৭৭ ভোট (৪৫.৭৪ শতাংশ)। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এল-সাইয়েদ মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম রাজনীতিক।
প্রতিনিধি পরিষদে যাঁরা জয়ী
মিনেসোটার ৫ নম্বর আসনে ইলহান ওমর পেয়েছেন ৭৬.৬৮ শতাংশ ভোট (২ লাখ ৬৩ হাজার ১৬৬)। মিশিগানের ১২ নম্বর আসনে রাশিদা তালিব পেয়েছেন ৭৫.৭৪ শতাংশ (২ লাখ ৩২ হাজার ৩২৩)। ইন্ডিয়ানার ৭ নম্বর আসনে আন্দ্রে কারসন জয়ী হয়েছেন ৭৭.১০ শতাংশ ভোট (১ লাখ ৫৭ হাজার ৩৬৮) পেয়ে। ক্যালিফোর্নিয়ার ১২ নম্বর আসনে লাতিফা সাইমন পেয়েছেন ৭৯.৯০ শতাংশ ভোট; সেখানে এখন পর্যন্ত ৫৬ শতাংশ ভোট গণনা হয়েছে।
নিউ জার্সির ১২ নম্বর আসনে ডেমোক্র্যাট অ্যাডাম হামাউই ৭০.১৮ শতাংশ ভোট (১ লাখ ৬০ হাজার ৫৮৬) পেয়ে রিপাবলিকান গ্রেগ মেলেকে হারিয়েছেন। এবারই প্রথম কংগ্রেসে যাচ্ছেন তিনি।
আয়শা ওয়াহাবের ফল এখনো ঝুলে আছে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর আসনে দুই ডেমোক্র্যাটের লড়াইয়ে আয়শা ওয়াহাব এগিয়ে আছেন। ৫৩ শতাংশ ভোট গণনা পর্যন্ত তিনি পেয়েছেন ৫৬.৮০ শতাংশ ভোট (৬৬ হাজার ৯২৩), প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪৩.২০ শতাংশ (৫০ হাজার ৮৯১)। ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে আসা ভোট গণনায় সময় লাগে বলে এ আসনের চূড়ান্ত ফল পেতে কয়েক দিন লাগতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের মধ্যে মুসলিম প্রার্থীদের এই সাফল্য মার্কিন রাজনীতিতে মুসলিম কমিউনিটির বাড়তি অংশগ্রহণেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় মুসলিম কমিউনিটির মধ্যেও এ ফলাফল নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
এবারের নির্বাচনে জর্জিয়া স্টেট সিনেটে শেখ রহমান এবং কানেকটিকাট স্টেট সিনেটে এমডি মাসুদুর রহমান—এই দুই বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিকও আবার নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র: ডিসিশন ডেস্ক এইচকিউ (৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত হালনাগাদ)
ছবি: বিজয়ীদের ছবি সংগৃহীত; পেছনে মার্কিন ক্যাপিটল (আর্কিটেক্ট অব দ্য ক্যাপিটল, পাবলিক ডোমেইন)