২০২৭ সালেই শেয়ারবাজারে আসার জন্য প্রস্তুত হতে পারে ওপেনএআই: প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০২৭ সালেই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। বুধবার (৪ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রযুক্তি সম্মেলনে তিনি এ কথা বলেন।
২০২৭ সালে আইপিওর জন্য ওপেনএআই প্রস্তুত থাকবে কি না—এমন প্রশ্নে ব্রকম্যান বলেন, ‘আমার তাই মনে হয়। হ্যাঁ।’ তবে তিনি যোগ করেন, প্রতিষ্ঠান নিজের জন্য সঠিক সময় মনে করলেই শেয়ারবাজারে যাবে।
প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্রকম্যান স্বীকার করেছেন যে ২০২৬ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রতিষ্ঠানটির জন্য ‘বেশ কঠিন’ ছিল। তবে তৃতীয় প্রান্তিকে ওপেনএআইয়ের বার্ষিক হিসাবে আয় আগের প্রান্তিকের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে। এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে প্রাতিষ্ঠানিক (এন্টারপ্রাইজ) গ্রাহকদের কাছ থেকে আয়, যা দ্বিগুণ হয়েছে। একসময় মোট আয়ের প্রায় ৩০ শতাংশ আসত এই খাত থেকে, এখন তা মোট আয়ের অর্ধেকের বেশি।
ব্রকম্যান জানান, এক বছর আগেও সম্ভাব্য প্রাতিষ্ঠানিক গ্রাহকেরা প্রশ্ন তুলতেন ওপেনএআই আদৌ এই খাতে মনোযোগী কি না; এখন সেই সংশয় কেটে গেছে। সম্প্রতি জেপি মর্গান চেজের সঙ্গে অংশীদারত্বকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এআই দিয়ে কোড লেখার বাজারে প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে থাকার কথাও স্বীকার করেন তিনি।
ওপেনএআইয়ের আইপিও নিয়ে এর আগেও বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। ব্লুমবার্গ ল-সহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, প্রতিষ্ঠানটি ২০২৭ সালে শেয়ারবাজারে আসার কথা বিবেচনা করছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, ব্লুমবার্গ ল
প্রতীকী ছবি: ম্যাগনিফাইং গ্লাসে ওপেনএআইয়ের ওয়েবসাইট — Jernej Furman / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)