অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কাল ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়া-কম্বোডিয়াসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, অনুমতি ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র
হোম › আমেরিকা › ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম

ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৬ নভেম্বর, ২০২৬ 37
ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব ৫৪৮ জন আসামির সাজা কমিয়ে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড করার ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫২৯ জন পুরুষ ও ১৯ জন নারী। এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সবচেয়ে বড় গণ-সাজা মওকুফ বলা হচ্ছে।

এক খোলা চিঠিতে নিউসম বলেন, রাষ্ট্রীয়ভাবে মানুষ হত্যা ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। রাজ্যের মৃত্যুদণ্ড ব্যবস্থাকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ব্যবস্থায় নিরপরাধ মানুষও দণ্ডিত হয়েছেন। কাউকে বাদ না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, বাছাই করে সাজা কমালে অজান্তেই হত্যাকাণ্ডের শিকার মানুষদের দুই শ্রেণিতে ভাগ করা হতো।

তবে সব সাজা মওকুফ এখনই চূড়ান্ত নয়। রাজ্যের আইন অনুযায়ী, একাধিক অপরাধে দণ্ডিত আসামিদের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদন লাগবে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এমন আসামি মোট সংখ্যার অর্ধেকের বেশি।

নিউসম ২০১৯ সালে রাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে গণভোট ছাড়া ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড বাতিল করা যায় না, তাই কৌঁসুলিরা এখনো আদালতে মৃত্যুদণ্ড চেয়ে আসছেন। রাজ্যে প্রায় ২০ বছর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি; ১৯৭৮ সাল থেকে সেখানে ১৩ জনের সাজা কার্যকর হয়েছে।

সিদ্ধান্তটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৃত্যুদণ্ডবিরোধী সংগঠনগুলো একে ঐতিহাসিক বিজয় বলছে। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবিন মাহের একে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের ইতিহাসে ‘নির্ণায়ক মুহূর্ত’ বলেছেন। অন্যদিকে ভুক্তভোগীদের সংগঠন, কৌঁসুলি ও পুলিশ এর সমালোচনা করেছে। ১৯৯৩ সালে খুন হওয়া পলি ক্লাসের বাবা মার্ক ক্লাস বলেছেন, নিউসম খুনিদের ‘মিত্র’ হয়ে উঠেছেন।

দ্বিতীয় ও শেষ মেয়াদে থাকা নিউসমের দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী জানুয়ারিতে। নতুন গভর্নর হিসেবে জেভিয়ার বেসেরা ৪ জানুয়ারি দায়িত্ব নেবেন; তিনি মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ বহাল রাখার কথা বলেছেন। এ সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমবে।

ফাইল ছবি: ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম