কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি
মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে উপজেলা গেটের সামনে সর্বদলীয় সচেতন নাগরিক সমাজ, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সচেতন নাগরিক সমাজের উপজেলা আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. মাসুক আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সৈয়দ জামাল হোসেনসহ স্থানীয় নেতারা।

মানববন্ধনে অংশ নেন নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে জমি বিক্রির মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নিহত হন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ময়নুল হককে আটক করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।