শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন
যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) শিকারপুর গ্রামের আমতলা মোড়ের ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টহল দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আমতলা মোড়ের ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির ধানক্ষেতে তল্লাশি চালানো হয়। সেখানে ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল পাওয়া যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।