৭ নভেম্বরে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রদর্শনীতে ৩ হাজার ক্যাডেট
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে আজ বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, যাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হেঁটে অংশ নেওয়ার কথা আছে।
ছবি: আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান — সংগৃহীত