মৌলভীবাজারে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু, জুমায় হাজারো মুসল্লির ঢল
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। ইজতেমার প্রথম দিন শুক্রবার জুমার নামাজে অংশ নিয়েছেন জেলা ও আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজে অংশ নেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।
জানা যায়, সকাল থেকেই মৌলভীবাজারের নির্ধারিত ইজতেমা ময়দানে বিভিন্ন উপজেলা ও দূরদূরান্তের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে যোগ দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
দুপুরে স্থানীয় ও আগত আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শোনেন মুসল্লিরা। দুপুর ১টায় জুমার আজান ও পরে খুতবা শেষে হাজারো কণ্ঠে উচ্চারিত হয় খাস মোনাজাত ও আমিন আমিন ধ্বনি। বয়ানে অংশ নেওয়া বিশ্ব ইজতেমার প্রতিনিধি ও দেশীয় আলেমরা ঈমান, আমল, দাওয়াত ও আখলাক উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকেরা জানিয়েছেন, ইজতেমার দিনগুলোতে দেশ-বিদেশের খ্যাতনামা ওয়ায়েজ ও মুরব্বিরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করবেন। শনিবার সকাল সাড়ে ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।
মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াত এবং অজু-গোসলের সুব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী দল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।