জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ৭ নভেম্বরের মতো হতে পারে: জামায়াত আমির
জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হলে দেশে বারবার বিপ্লব ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘যারা জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হবেন, তাদের পরিণতিও ৭ নভেম্বরের মতো হতে পারে।’ তাঁর মতে, ৭ নভেম্বর থেকে রাজনীতিবিদদের যে শিক্ষা নেওয়ার কথা ছিল, বর্তমান বাস্তবতায় তা নেওয়া হয়নি। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরেন শফিকুর রহমান। তিনি দাবি করেন, স্বাধীনতার পর ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয় এবং রক্ষীবাহিনীকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল। রক্ষীবাহিনীর হাতে বিনা বিচারে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগও করেন তিনি।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান এবং পরে সিপাহিদের হাতে জিয়াউর রহমানের মুক্তির ঘটনাও উল্লেখ করেন জামায়াত আমির।
উল্লেখ্য, শনিবার (৭ নভেম্বর) দেশজুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, আর বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
ফাইল ছবি: ডা. শফিকুর রহমান — DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC0)