আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি জানিয়েছে।
সফরসূচি অনুযায়ী, এদিন জুমার নামাজের পর চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার শুরু হয়। সম্মেলনে হেফাজত আমিরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও ছিল। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্যেরও সেখানে উপস্থিত থাকার কথা ছিল।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠে এক সমাবেশেও স্বরাষ্ট্রমন্ত্রী একই অবস্থান তুলে ধরেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, গত ১৭ বছরে যারা গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই ‘আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে’ বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। গণহত্যায় জড়িত সবার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানিয়েছিলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ফাইল ছবি