অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বার সভাপতির প্রশ্ন, ‘হু ইজ হি হেয়ার?’
নিউজ ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন বলেন, “অ্যাটর্নি জেনারেল! হু ইজ হি হেয়ার?”
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে তিনি আইনজীবীদের কথা বলবেন এবং বিচারপতিদের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। এ ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা আছে কি না—সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খোকন আরও বলেন, “হি ইজ ইররেলেভেন্ট! তার বক্তব্যই ইররেলেভেন্ট! হি ইজ নোবডি ইন আওয়ার ডিসকাশন, ইন আওয়ার ডিমান্ড।” তাঁর বক্তব্যকে তিনি অনভিপ্রেত বলেও মন্তব্য করেন।
বার সভাপতি বলেন, অ্যাটর্নি জেনারেল আগে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন। এরপরও তিনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন—এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন খোকন।
এর আগে ৮ সেপ্টেম্বর তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।
ঘটনার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও সাংবাদিকদের সামনে ওই দিনের ঘটনা নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, জরিমানা মওকুফের অনুরোধের পর প্রধান বিচারপতি আদালতের সঙ্গে প্রতারণা ও গুরুতর জালিয়াতির বিষয় বিবেচনা করেই আদেশ দেওয়া হয়েছে বলে জানান এবং আদেশ পরিবর্তন করা হবে না বলে জানান।