মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর, ‘নতুন অর্থনৈতিক হাব’ হবে বন্দর: প্রধানমন্ত্রী
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বন্দর প্রাঙ্গণে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি, আধুনিক কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং সুবিধাসহ আনুষঙ্গিক অবকাঠামো গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের পর মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ আশপাশের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার বড় সুযোগ রয়েছে। পঞ্চগড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সড়ক যোগাযোগ ও পণ্য পরিবহনব্যবস্থা সম্প্রসারণে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। জ্বালানি, সার, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে বন্দরটি বড় ভূমিকা রাখতে পারে। মোংলাকেন্দ্রিক শিল্পায়নে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
প্রকল্পের সাফল্য শুধু নির্মাণকাজ শেষ হওয়ার ওপর নয়, বরং বন্দরসেবার মান, পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানো, বিনিয়োগ, কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি। দূষণ নিয়ন্ত্রণ ও জাহাজের নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
ছবি: মোংলা বন্দর — কুপি বাতি / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)