নেতানিয়াহুকে সরাতে আইজেনকটের পাশে আরব দলগুলো, ইসরায়েলে নতুন জোটের হিসাব
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী নেতা গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির আরব নেতৃত্বাধীন দুটি দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ১১ আসনের জোট জয়েন্ট লিস্ট জানায়, সরকার গঠনের দায়িত্ব আইজেনকটকে দেওয়ার সুপারিশ তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে জানাবে। আট আসনের দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিয়েছে।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে, যা আগের নির্বাচনে ছিল ১০টি। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসন পায়; সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। আরব দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকটের পক্ষে ৬৭ জন এমপি দাঁড়াচ্ছেন।
জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন জানিয়েছেন, তিনি সরকারে কোনো পদ চাইবেন না; পার্লামেন্টে থেকেই সরকারকে সমর্থন দেবেন। রা’আম নেতা মনসুর আব্বাস পদ চাইবেন কি না, তা এখনো স্পষ্ট করেননি। দুই দলই নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচকে ক্ষমতা থেকে সরাতে চায়।
অন্যদিকে নেতানিয়াহু প্রমাণ ছাড়াই অভিযোগ করে আসছেন, বিদেশি মদদে আরব দলগুলো নির্বাচনে কারচুপি করেছে। তাঁর দল লিকুদ সতর্ক করে বলেছে, আরব জোটের সঙ্গে সহযোগিতা করা ইহুদিবাদী দলগুলো ‘ইসরায়েলের জন্য বিপজ্জনক’। তবে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি কারচুপির কোনো প্রমাণ পায়নি বলে ফল চূড়ান্ত করেছে।
বিশ্লেষকেরা বলছেন, নানা বিষয়ে মতপার্থক্যের কারণে নতুন সরকার দীর্ঘস্থায়ী না-ও হতে পারে। ২০২১ সালেও আরব দলের সমর্থনে গঠিত একটি জোট সরকার প্রায় এক বছর টিকেছিল, এরপর নেতানিয়াহু আবার ক্ষমতায় ফেরেন।
তথ্যসূত্র: আল জাজিরা, স্লেট
ফাইল ছবি