নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা, মশক নিধন কার্যক্রম উদ্বোধন
মোহাম্মদ উল্য
নোয়াখালী জেলা প্রতিনিধি॥
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মশালা, মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
কর্মশালায় উপাচার্য বলেন, ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ আবাসিক ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এ সময় হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আবাসিক ছাত্রীদের শিক্ষা, জ্ঞানচর্চা, বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে কয়েকটি নতুন সুবিধা ও কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এর মধ্যে ২১তম ব্যাচের নবীন ছাত্রীদের জন্য ‘ঐক্য’, ‘সখ্য’ ও ‘মৈত্রী’ নামে তিনটি ফ্রেশার্স রুম রয়েছে।
এ ছাড়া আবাসিক ছাত্রীদের নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার সুবিধার্থে ‘অনির্বাণ লাইব্রেরি’ নামে জুলাই কর্নারসহ একটি হল লাইব্রেরি ও রিডিং রুম এবং মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘প্রজন্ম খেলাঘর’ নামে একটি গেম রুম উদ্বোধন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমেরও উদ্বোধন করেন উপাচার্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।