রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাতভর নাশকতা: একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
রাজধানী ঢাকার অন্তত ছয়টি এলাকায় এক রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি স্থানে বাসে এবং একটিতে কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, ধামরাই ও খাগড়াছড়িতেও গভীর রাতে বাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। বেশির ভাগ ক্ষেত্রে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আশপাশের কোনো বাসার ছাদ বা নিচ থেকে ককটেলটি ছোড়া হয়ে থাকতে পারে। রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল হক।
রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। রাত ১২টা ১ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরে উড়ালসড়ক থেকে পরপর দুটি ককটেল ফাটানো হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। মিরপুরের কালশী মোড়েও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়; এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় সাভার-নতুন বাজার রুটের বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার কাঁচাবাজার আড়তের সামনে একটি কুরিয়ার প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হলে গাড়ির বেশির ভাগ মালামাল ও নথিপত্র পুড়ে যায়।
ঢাকার ধামরাইয়ে দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন জানান, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হননি। মানিকগঞ্জ ও খাগড়াছড়িতেও রাতে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে; কী কারণে এসব আগুন দেওয়া হয়েছে, তা জানা যায়নি।
তবে শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে লাগা আগুনকে নাশকতা নয় বলে জানিয়েছে পুলিশ। রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়ার ভাষ্য, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত; সিসিটিভি ফুটেজেও কাউকে আগুন দিতে দেখা যায়নি। অন্য ঘটনাগুলোতে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
ছবি: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের দৃশ্য — সংগৃহীত