বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেই
নিউজ ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা
ঢাকা: প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে সর্বশেষ আন্তঃসরকারি বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি।
১০ সেপ্টেম্বর রাতে ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের টিম লিডার ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, তিন দিনের বৈঠকে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার এজেন্ডায় ছিল না। ফলে কোন সময় থেকে ট্রেনগুলো আবার চালু হবে, সে বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ হয়নি।
তবে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে নতুন রুটে পরিচালনার বিষয়টি আলোচনায় এসেছে।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা যেতে পারে।
দীর্ঘদিন ধরে আন্তঃদেশীয় ট্রেন বন্ধ থাকায় দুই দেশের যাত্রীদের মধ্যে অসুবিধা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য ট্রেনসেবা পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
তবে বর্তমান বৈঠকের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলো কবে চালু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।
সূত্র: ঢাকা পোস্ট ও BSS।