বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি ॥
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অসাধারণ সাফল্য অর্জনকারী চার কৃতি হাফেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তাদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা হাফেজদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের সন্তানরা নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে সেই সাফল্যের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়; এসব সাফল্যের সঙ্গে দেশের মানুষের সম্মান ও গৌরবও জড়িয়ে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও যোগ্যতার বিকাশে উৎসাহিত করতে এ ধরনের অর্জনের যথাযথ মূল্যায়ন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের শিক্ষকরা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে ভবিষ্যতেও সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান প্রধানমন্ত্রী।
সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। এতে বাংলাদেশের হাফেজ মুহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
একই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী এবং নারী বিভাগে ১৫ পারায় রাবেতা বিনতে রমজান ও ৩০ পারায় মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং প্রতিযোগিতায় যে আয়াতগুলো তিলাওয়াত করে তারা সাফল্য অর্জন করেছেন, সেগুলো তাদের কণ্ঠে শোনেন।