ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি
মোঃ সাইফুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য মৌখিক প্রচারণাও চালানো হয়। এ সময় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক, সদর থানা যুবদলের আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুলসহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা ও মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।