ভরাডুবির দায় প্রার্থীদের ঘাড়ে, ডেমোক্র্যাটদের বিল ভেটোর হুমকি ট্রাম্পের
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারানোর পর পরাজয়ের দায় নিজের কাঁধে নিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো তিনি রিপাবলিকান প্রার্থীদের দায়ী করে বলেছেন, তাঁর সমর্থকেরা ‘প্রার্থীদের পছন্দ করেননি’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না। থাকলে আমরা বিপুল ব্যবধানে জিততাম!’
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস তাঁর প্রেসিডেন্সিতে কী পরিবর্তন আনবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘এক বছর পর আপনাদের জানাব।’ তিনি জানান, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবেন, তবে প্রয়োজনে ভেটো ক্ষমতা ব্যবহার করবেন। মন্ত্রিসভায় কোনো রদবদলের পরিকল্পনাও নেই বলে জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘খুব ভালো কাজ করেছেন’ বলেও মন্তব্য করেন।
ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানরা আসন হারিয়েছে—এমন বক্তব্য ‘অনেকাংশে সত্য’ বলে স্বীকার করেছেন ট্রাম্প। তাঁর মতে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। তবে তিনি বলেন, ‘আবার করতে হলে আমি আবারও তা-ই করতাম।’
এর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক্সে লেখেন, ‘আমরা হেরেছি যুদ্ধের কারণে।’ তাঁর দাবি, ২০২৪ সালে ট্রাম্প-ভ্যান্সকে ভোট দেওয়া অনেক ভোটার এবার যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের কারণে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।
সিবিএস নিউজের প্রক্ষেপণ অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৫১ থেকে ২৬৮টি আসন পেতে পারে। সিনেটে তারা অন্তত ৫৪টি আসন নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ, সিএনএন