কর্মস্থলে যাওয়ার পথে শেষ হলো জীবন, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত রোকন
কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ১৮ বছর বয়সী রোকন ইসলাম। কিন্তু আর ফেরা হলো না বাড়িতে। পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় থেমে গেল তার জীবন। কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এই তরুণ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন রোকন। শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে সড়কের পাশে থাকা একটি তালগাছের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে রোকন ইসলামকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মাত্র ১৮ বছর বয়সে রোকনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে তার এই মর্মান্তিক পরিণতিতে শোকাহত পুরো এলাকা।