শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না, ফেরাতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরার জন্য কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।
হুমায়ুন কবির বলেন, ‘কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, একজন পলাতক আসামির ক্ষেত্রে দেশে ফেরার প্রশ্ন আসে না; তাঁকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে ফেরত দিতে ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।